বেইজিং সময় ২৫ সেপ্টেম্বর, ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসের টেনিস ইভেন্টের ড্র প্রকাশিত হয়েছে। পুরুষ এককে চীনের মূল ভূখণ্ডের খেলোয়াড় উ ইবিং ও মেং ফানমিং অংশ নিচ্ছেন। এর মধ্যে উ ইবিং তৃতীয় বাছাই হিসেবে ড্রয়ের নিচের অর্ধে রয়েছেন। মেং ফানমিং পড়েছেন ড্রয়ের ওপরের অর্ধে, শীর্ষ বাছাই চীনের হংকংয়ের খেলোয়াড় কোলম্যান ওংয়ের সঙ্গে একই অংশে।

পুরুষ এককের ড্রয়ে ৩৩ জন খেলোয়াড় রয়েছেন, প্রতিযোগিতা ছয় রাউন্ডের। তবে প্রথম রাউন্ডে মাত্র দুজন খেলোয়াড় অংশ নেবেন, জয়ী খেলোয়াড় শীর্ষ বাছাই কোলম্যান ওংয়ের মুখোমুখি হবেন। বাকি সব খেলোয়াড় প্রথম রাউন্ডে বাই পেয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

বিশ্ব র্যাংকিংয়ে ১১৩ নম্বরে থাকা উ ইবিং তৃতীয় বাছাই, দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ বিশ্ব র্যাংকিংয়ে ৯৫৬ নম্বরে থাকা ইরানের খেলোয়াড় ইয়াজদানি। বিশ্ব র্যাংকিংয়ে ৯৮১ নম্বরে থাকা চীনের ১৮ বছর বয়সী তরুণ মেং ফানমিং দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন ১৪তম বাছাই উজবেকিস্তানের সুলতানভের।
এশিয়ান গেমসের টেনিস ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।
(আকা)
