১১ অক্টোবর রাতে বেইজিংয়ের ন্যাশনাল টেনিস সেন্টারের ডায়মন্ড কোর্টে ২৪ বছর বয়সী ঝেং ছিনওয়েন টুর্নামেন্টের চতুর্থ বাছাই, নতুন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আন্দ্রেয়েভাকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো চায়না ওপেনের মহিলা একক শিরোপা জেতেন। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ ১০০০ স্তরের একক শিরোপাও। ঝেং ছিনওয়েনের কোচ রিবা সামাজিক মাধ্যমে চীনা ভাষায় সমস্ত চীনা মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, তোমাদের অনেক ভালোবাসি।

রিবা সামাজিক মাধ্যমে ঝেং ছিনওয়েনের সঙ্গে একসঙ্গে চায়না ওপেনের মহিলা একক চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরার একটি ছবি পোস্ট করেন এবং ইংরেজিতে লেখেন: “সবচেয়ে বড় ট্রফি হলো তোমাকে এই আনন্দ উপভোগ করতে দেখা। ২০২৬ চায়না ওপেন চ্যাম্পিয়ন, তোমার জন্য গর্বিত।” এরপর তিনি চীনা ভাষায় লেখেন: “সমস্ত চীনা মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এত বছর ধরে তোমরা সবসময় আমার পাশে ছিলে। তোমাদের আমি অনেক ভালোবাসি।”
চীনা ভাষায় লেখা এই কৃতজ্ঞতাবার্তা বিশেষভাবে হৃদয় ছুঁয়ে গেছে। রিবা একজন স্প্যানিশ কোচ, তবুও তিনি চীনা ভাষায় চীনা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি শুধু ঝেং ছিনওয়েনের শিরোপাযাত্রার কৌশলগত পরামর্শদাতাই নন, তাঁর ক্যারিয়ারের উত্থান-পতনে গুরুত্বপূর্ণ সঙ্গীও। ২০২১ সাল থেকে দুজন একসঙ্গে কাজ করছেন, র্যাঙ্কিংয়ে একশোর বাইরে থেকে বিশ্বের শীর্ষ চারে ওঠার পথ একসঙ্গে পাড়ি দিয়েছেন; ঝেং ছিনওয়েন যখন চোট, ফর্মহীনতা ও র্যাঙ্কিংয়ের বড় পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখনও রিবা আবার তাঁর হাত ধরেছেন, ধাপে ধাপে তাঁকে খেলার ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছেন।
(লিউ শিইয়াও)
